উত্তর কৃষ্ণপুরে ‘হর ঘর জল’ প্রকল্প মুখ থুবড়ে
তেলিয়ামুড়া, ২৪ জুন : জল জীবন মিশন প্রকল্পের ‘হর ঘর জল’ মুখ থুবড়ে পড়েছে খোয়াই জেলার তেলিয়ামুড়ার উত্তর কৃষ্ণপুর এলাকায়। স্থানীয়রা পানীয় জলের জন্য হাহাকার করছেন। প্রশাসনের ভূমিকায় জনমনে অসন্তোষ বিরাজ করছে।
বর্তমান সময়ে জল জীবন মিশনের ‘হর ঘর জল’ শীর্ষক প্রকল্প একটা চর্চিত বিষয় বলা যায়। দীর্ঘদিন ধরে সরকারের তরফ থেকে দাবি করা হয় ‘হর ঘর জল’ প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকাগুলির মধ্যে পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে বা হচ্ছে। তবে কিছু কিছু জায়গায় এমন ঘটনা সামনে আসছে যাতে প্রকৃত অর্থে অনেকেই ‘হর ঘর জল’ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এরকমই এক জনপদের নাম উত্তর কৃষ্ণপুর। স্থানীয় মানুষের অভিযোগ, প্রায় এক বছর আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার নামে সরকারের তরফ থেকে সাপ্লাই পয়েন্ট তৈরি করা হয়েছে। যথারীতি এলাকার প্রত্যেকটি পরিবার থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আশ্বাস দেওয়া হয়েছিল কিছুদিনের মধ্যেই জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
তবে আক্ষেপের সুরে এলাকাবাসীর বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় অতিক্রম হয়ে গেলেও সংশ্লিষ্ট সাপ্লাই পয়েন্ট দিয়ে জল আসেনি। অগত্যা বাধ্য হয়ে কেউ সরকারি কল থেকে জল আনছেন, আবার কেউ নিজের গাঁটেরপয়সা খরচ করে বাড়িতে কলের ব্যবস্থা করছেন।
এই বিষয়ে এলাকাবাসীর একটা অংশের অভিযোগ, স্থানীয় গ্রাম প্রধান লিটন মল্লিক থেকে শুরু করে শাসকদলের বিভিন্ন স্তরের নেতা, এমনকি এলাকার বিধায়ক তথা জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা পর্যন্ত সবকিছু জেনেও কোন ভূমিকা গ্রহণ করছেন না।
স্বাভাবিকভাবেই সরকারি কোষাগারের কোটি টাকা খরচ করে জল জীবন মিশনের ‘হর ঘর জল’ প্রকল্প এভাবে মুখ থুবড়ে পড়াটা শুধু উত্তর কৃষ্ণপুর নয়, গোটা রাজ্যের জন্যই একটা নেতিবাচক বার্তা বলে দাবি স্থানীয়দের।
