চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল নেশাগ্রস্ত যুবক
বক্সনগর, ২৭ জুন : রথযাত্রার দিনে যখন গোটা এলাকাজুড়ে উৎসবের আমেজ, তখনই সিপাহীজলা জেলার দুর্লভনারায়ণ গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার সকালে দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় এক নেশাগ্রস্ত যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম সুব্রত দেববর্মা (২১)।
সুব্রত কালাপাথর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সোনামুড়ার মধুবন কলেজ সংলগ্ন জাহির মিয়ার বাড়িতে নেশা সেবন করে ও চোরাই মালপত্র বিক্রি করে। এদিন সকালের দিকে সুব্রত দুর্লভনারায়ণ এলাকার এক মহিলার দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে পালানোর চেষ্টা করে। তবে দোকানের মালিক মহিলার তৎপরতায় সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যায় সে।
মুহূর্তেই এলাকাবাসী ছুটে এসে চোরকে ধরে ফেলেন এবং গাছের সঙ্গে বেঁধে রাখেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা টাকা। পরে স্থানীয়রা সোনামুড়া থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। এলাকাবাসীর দাবি, সুব্রত একাধিক চুরির সঙ্গে জড়িত এবং সে দীর্ঘদিন ধরে নেশার জেরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।
