ত্রিপুরায় গুণগত শিক্ষার পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী
আগরতলা, ২৮ জুন : গুণগত শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার পরিকাঠামো উন্নয়নের উপর সরকার গুরুত্ব দিয়েছে।শনিবার আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের ছেলেমেয়েদের উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মেডিক্যাল শিক্ষা থেকেশুরু করে প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার কাজ করে চলেছে। ফলে বর্তমানে রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে।
মুখ্যমন্ত্রী বলেন, যে কোনও পুরস্কার হচ্ছে ছাত্রছাত্রীদের অসামান্য লড়াই এবং অদম্য ইচ্ছাশক্তির স্বীকৃতি। ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি মানুষের কল্যাণেও এগিয়ে আসার মনোভাব তৈরি করতে হবে। তবেই মানুষ হয়ে জন্ম নেওয়ার সার্থকতা আসবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকরানন্দ মহারাজ, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. রতন কুমার সাহা। অনুষ্ঠানে আর্থিকভাবে অস্বচ্ছল ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানের অতিথিগণ তাদের হাতে শংসাপত্র, স্মারক উপহার এবং অর্থরাশির চেক তুলে দেন।
