পানীয় জলের দাবিতে আঠারোমুড়ায় জাতীয় সড়ক অবরোধ
তেলিয়ামুড়া, ২৮ জুন।। দীর্ঘ এক মাসেরও অধিক সময় ধরে পরিশ্রুত পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন মুঙ্গিয়াকামী আর.ডি. ব্লকের অন্তর্গত আঠারোমুড়া পাহাড়ের ৩৫ মাইল এলাকার বাসিন্দারা। অবশেষে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শনিবার আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে নামে ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দেড় মাস আগে জাতীয় সড়কের ধারে থাকা পানীয় জলের পাইপ ফেঁটে যায় পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের আঘাতে। তারপর থেকে বারবার সংশ্লিষ্ট দফতরে মেরামতির আবেদন জানানো হলেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
ফলস্বরূপ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। অনেক দূরের ঝর্নার জল সংগ্রহ করে দিন কাটাতে হচ্ছে বহু পরিবারকে। বিষয়টি নিয়ে প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কোন সাড়া না পেয়ে বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধে নামেন স্থানীয়রা।
অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুৃ্গিয়াকামী থানার পুলিশ। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পাইপলাইন সংস্কারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এলাকাবাসীরা জানান, তারা আর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে পারছেন না—এবার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।
