‘মন কি বাত’ বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে আত্মার সংযোগ স্থাপন করছে : মন্ত্রী সুশান্ত
আগরতলা, ২৯ জুন : প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ দেশের বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে আত্মার সংযোগ স্থাপন করছে বলে দাবি করলেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শোনার জন্য বিজেপির বামুটিয়া মণ্ডলের ৪০ নং বুথের গান্ধীগ্রামস্থিত বৈদ্যনাথ অডিটরিয়ামে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ দলীয় নেতা কর্মীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দেশের প্রতিটি রাজ্যের মানুষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক স্থাপনে ‘মন কি বাত’ কর্মসূচি গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে আমরা দেশের বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে মিলিত হই। জানতে পারি বিভিন্ন অজানা তথ্য।
পাশপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াসে যোগা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা লাভ করেছে, যা প্রাচীনকালে ভারতবর্ষে মুনি ঋষিরা করতেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে রাষ্ট্রসংঘ এই যোগাকে ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবসের স্বীকৃতি দিয়েছে যা বিজেপি সরকার না থাকলেও বিশ্বব্যাপী পালিত হবে।
তিনি আরও বলেন, বিশ্বের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিজেপি গরীবদের নিয়ে রাজনীতি করে না। গরীবের কোন রং দেখে না। তাই ২০১৪ সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর গরীবের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দল না দেখে গরীবের মাথায় ছাদ করে দেন। মায়েদের চোখের জল পড়া বন্ধ করতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের ব্যবস্থা করে দেন।
