চাষাবাদের সময় পাওয়ার টিলারে আহত চাষী
খোয়াই, ৩০ জুন : জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় দুর্ঘটনায় আহত এক ব্যক্তি। ঘটনা খোয়াই জেলার ধলাবিল কলোনি এলাকায়। আহত চাষীর নাম বিধান দাস (৫০)।
সোমবার সকালে পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষাবাদ করার সময় গুরুতর আহত হয় এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম বিধান দাস (৫০)। জানা যায়, আমন ধান চাষ করার জন্য জমিতে চাষাবাদ করছিলেন বিধান দাস। এক টুকরো জমিতে চাষাবাদ শেষ করে, পাওয়ার টিলার অন্য জমিতে নিয়ে যাওয়ার সময় জমির আলের মধ্যে আটকে যায় পাওয়ার টিলার। সেই সময় বিধান দাসের বাম পা পাওয়ার টিলারের ধারালো ব্লেডের মধ্যে আটকে যায় এবং পায়ের হাড়গোড় ভেঙ্গে যায়।
ঘটনাটি প্রত্যক্ষ করে প্রতিবেশীরা সাথে সাথে খবর দেয় অগ্নি নির্বাপক দফতরকে। ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আগরতলায় গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
