জিবিপি হাসপাতালে সফল কিডনি প্রতিস্থাপন হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী ডাঃ সাহা
আগরতলা, ১ জুলাই : আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে তৃতীয়বারের মত সফলভাবে কিডনি প্রতিস্থাপন হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, জিবিপি হাসপাতালে লিভার সহ অন্যান্য অঙ্গের প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলছে। কিডনি প্রতিস্থাপনের কাজে যুক্ত চিকিৎসকদের অভিনন্দন জানান তিনি।
সোমবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে এক ব্যক্তির সফল কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয় মণিপুরের সৃজা হাসপাতাল ও আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের চিকিৎসকদের যৌথ উদ্যোগে। এই নিয়ে তৃতীয়বার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হল। এর জন্য খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
মঙ্গলবার সংশ্লিষ্ট বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, জাতীয় চিকিৎসক দিবসের আগের দিন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে সফল কিডনি প্রতিস্থাপন হওয়ায় তিনি দারুন খুশি। মুখ্যমন্ত্রী জানান, দাতা এবং গ্রহীতা দুজনেই সুস্থ আছেন। তিনি আরও জানান, আগামী দিনে হাসপাতালে যেন লিভার প্রতিস্থাপন করা যায় এর প্রক্রিয়া জারি রয়েছে। কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ার সাথে যুক্ত চিকিৎসকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, সোমবার আগরতলার রাধানগর এর বাসিন্দা প্রবীণ সিংহের দেহে সফল কিডনি প্রতিস্থাপন করা হয়। তাঁকে কিডনি দান করেন তার জ্যাঠাতো ভাই রানা সিংহ। কিডনি দাতার বাড়িও রাধানগর এলাকায়। এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় সৃজা হাসপাতালের পক্ষে ছিলেন ডাঃ সমরেন্দ্র পাওনা এবং ডাঃ মহারা বাম মহলে। অপরদিকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের পক্ষে ছিলেন ডাঃ বিজিত লোধ, ডাঃ মুকুট দেবনাথ, ডাঃ জীবন দেবনাথ প্রমুখ।
