আগরতলা এমবিবি বিমানবন্দরের এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত
আগরতলা, ৫ জুলাই : পরিকাঠামোর দিক দিয়ে গুয়াহাটি বিমানবন্দর থেকে কম নয় আগরতলা এমবিবি বিমানবন্দর। শনিবার এমবিবি বিমানবন্দরে এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠকে একথা বলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি আরও জানান, এদিনের বৈঠকে বিমান যাত্রীদের সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
শনিবার আগরতলায় এমবিবি বিমানবন্দরে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বৈঠকে উপস্থিত ছিলেন বিমানবন্দর নির্দেশক কে সি মিনা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ কমিটির সদস্য ও অন্যান্য আধিকারিকরা।
এদিন এমবিবি এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠক প্রসঙ্গে কমিটির চেয়ারম্যান তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব জানান, বৈঠকে বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এমবিবি বিমানবন্দরের সুবিধা এবং অসুবিধাগুলি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এই আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যাগুলির মধ্যে যেগুলি স্থানীয়ভাবে সমাধান করা যায় তার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর যে সমস্ত বিষয়গুলি স্থানীয়ভাবে সমাধান করা যায় না, সেগুলি এয়ারপোর্ট ডাইরেক্টর এর কাছে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে কেন্দ্রীয় সরকারের কাছে সংশ্লিষ্ট বিষয়গুলি পাঠানো হয়।
সাংসদ বিপ্লব কুমার দেব আরও জানান, বৈঠকে বিমান যাত্রীদের সুবিধা ও সুবিধাগুলি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, অসমের গুঅহাটির পরেই আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে বেশি সংখ্যক বিমান ওঠানামা করে। পরিকাঠামোগত দিক দিয়ে গুয়াহাটি বিমানবন্দর থেকে কোন অংশেই কম নয় এমবিবি বিমানবন্দর।
জানা গিয়েছে, অ্যাডভাইজারি কমিটির বৈঠকে আন্তর্জাতিক বিমাম উঠানামার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে কিছু নতুন সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।
