iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ত্রিপুরায় আইনের শাসন প্রতিষ্ঠায় ডিজিপি’র হস্তক্ষেপ দাবি করল প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৭ জুলাই : ত্রিপুরায় আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ মহানির্দেশক (ডিজিপি) এর হস্তক্ষেপ দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। ধলাই জেলার কমলপুরের ছোট সুরমার আশীষ দাস হত্যাকাণ্ডে আইপিএস অফিসারের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) গঠন করে তদন্ত প্রক্রিয়া চালু করা এবং বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উপর আক্রমণের ঘটনার সঠিক তদন্তের দাবি জানান তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি আরও জানান, পুলিশ প্রশাসন যদি দাবি না মানে তাহলে রাজ্যব্যাপী বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন সংঘটিত করবে প্রদেশ কংগ্রেস।

কমলপুরের ছোট সুরমার চাঞ্চল্যকর আশীষ দাস হত্যাকাণ্ডে আইপিএস অফিসারের নেতৃত্বে এসআইটি গঠন করে তদন্ত প্রক্রিয়া চালানোর দাবি জানাল প্রদেশ কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তিন সদস্যের এক প্রতিনিধি দল সভাপতি আশীষ কুমার সাহার নেতৃত্বে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করে এই মর্মে স্মারকলিপি প্রদান করে।

ডেপুটেশন প্রদান প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আশীষ দাস হত্যাকান্ডের তদন্ত প্রক্রিয়ায় অনেক দুর্বলতা রয়েছে। পুলিশ প্রকৃত অভিযুক্তদের কাছে পৌঁছতে পারছে না বলে জানান তিনি ।তাই সঠিক তদন্তের স্বার্থে একজন আইপিএস অফিসারের নেতৃত্বে এসআইটি গঠন করে তদন্ত প্রক্রিয়া চালু করার দাবি জানান তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি আরও জানান, রবিবার কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের একটি সভায় আক্রমণ সংঘটিত করা হয়েছে। পুলিশের সামনেই বিধায়ককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।এর আগে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের উপর আক্রমণ করা হয়েছে। বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা করা হচ্ছে। এই অবস্থায় রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য রাজ্য পুলিশের ডিজিপির হস্তক্ষেপ কামনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি জানান, অন্যথায় রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষকে সাথে নিয়ে প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী বৃহত্তর গণআন্দোলন সংঘটিত করবে।

এদিন রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট স্মারকলিপি প্রদানে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সভাপতি আশীষ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিমল বর্মণ এবং যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *