iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

অনুপ্রবেশ রুখতে আগরতলায় পদযাত্রা তিপ্রা মথা বিধায়কের নেতৃত্বে

আগরতলা, ৭ জুলাই : অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পুশব্যাকের দাবিতে আরও কঠিনতম লড়াই চালিয়ে যাওয়া হবে। সোমবার রাজধানী আগরতলায় একটি অরাজনৈতিক সমাবেশ এবং পদযাত্রা থেকে এই ঘোষণা দিলেন তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। এই পদযাত্রা রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুশব্যাকের ব্যবস্থা গ্রহণের নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য এই নির্দেশিকা মেনে পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে।

ত্রিপুরায়ও কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা অনুসারে পদক্ষেপ গ্রহণ এবং অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের পুশব্যাকের দাবিতে সোমবার রাজধানীতে একটি অরাজনৈতিক সমাবেশ এবং পদযাত্রা সংঘটিত করল তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে কিছু লোক।

রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের উক্তি সবাইকে মনে করিয়ে দিয়ে জানান, প্রদ্যোৎ বলেছিলেন, পুইলা জাতি (প্রথমে জাতি)। তাই আজকে প্রথমেই আমাদের জাতিকে রক্ষা করতে হবে। এরপর রাজনীতি। তাই আমরা পার্টির পতাকা ছেড়ে জাতীয় পতাকা নিয়ে লড়াইয়ে নেমেছি। কারণ আমাদের বিষয়টি জাতীয় ইস্যু। এই লড়াই পাহাড়ি-বাঙালি, হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান সকল অংশের রাজ্যবাসীর স্বার্থে। যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এখানে এসে আমাদের অধিকার, আমাদের জমি কেড়ে নিচ্ছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি আমরা জানাচ্ছি।

বক্তব্যে বিধায়ক রঞ্জিত দেববর্মা অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্দেশিকা জারি করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানান। তিনি বলেন, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, তামিলনাড়ু, আসাম, অরুণাচল প্রদেশ প্রভৃতি রাজ্যে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা কার্যকরী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। তেমনিভাবে ত্রিপুরাতেও অবিলম্বে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। নতুবা আগামীদিন এই নির্দেশিকাকে কার্যকরী করার জন্য যত কঠোর আন্দোলনই প্রয়োজন হোক না কেন আমরা তা জারি রাখব। এর থেকে পিছুপা হব না। কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই কথা জানিয়ে বিধায়ক বলেন, “আমি রঞ্জিত দেববর্মা সুইজারল্যান্ড এর জাতিসংঘে গিয়ে রাজ্য থেকে প্রথম বেআইনি অনুপ্রবেশ এর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছি ।আজকের দিনেও এর জন্য লড়াই করছি, আগামী দিনেও এর জন্য লড়াই চালিয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *