মৎস্য চাষে উৎসাহিত করতে ত্রিপুরায়ও উদযাপিত জাতীয় মৎস্য চাষী দিবস
আগরতলা, ১০ জুলাই : জাতীয় মৎস্য চাষী দিবসে ত্রিপুরার প্রগতিশীল মৎস্য চাষীদের অটল নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাল মৎস্য দফতর। এই উপলক্ষে ফিশারী কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস।
গোটা দেশেই মাছের চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি যোগানও বৃদ্ধি পাচ্ছে। চাষীদের অটল নিষ্ঠার সাথে মাছ চাষের ফলেই দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এরই পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে মৎস্য চাষীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মৎস্য চাষীদের অবদানকে স্বীকৃতি দিতে ২০০১ সাল থেকে প্রতিবছর ১০ জুলাই দিনটি সারাদেশে জাতীয় মৎস্য চাষী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছর ২৫ বছরে পদার্পণ করেছে এই দিবস।
ত্রিপুরায়ও এদিন জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলায় লেম্বুছড়ার ফিশারী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দফতরের অধিকর্তা সন্তোষ দাস, ফিশারী কলেজের অধ্যাপক প্রফেসর জ্বি ওয়েখোম, ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট এর ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার অনিল এস কটমিয়ার প্রমুখ।
এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। উদ্বোধনের পর বিভিন্ন সংস্থা কর্তৃক মৎস্য চাষ সংক্রান্ত প্রদর্শনী পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান, দেশ এবং রাজ্যে এই অনুষ্ঠান হচ্ছে। প্রগতিশীল মৎস্য চাষীদের উৎসাহিত করতে তাঁদের ত্যাগকে স্বীকৃতি জানাতে এবং সর্বোপরি প্রফেসর (ডাঃ) হীরালাল চৌধুরীকে স্মরণ করে অন্যান্য বছরের মত এবছরও এই দিনটি পালিত হচ্ছে। তিনি আরও জানান, এই দিনে তাঁর আহ্বান থাকবে মৎস্য চাষীরা এই কাজে আরও বেশি করে মনোনিবেশ করুক।মৎস্য দফতর এবং ফিশারী কলেজ তাঁদের সার্বিক সহযোগিতায় প্রস্তুত রয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।
অনুষ্ঠানে আয়োজিত প্রদর্শনী প্রসঙ্গে বলতে গিয়ে মৎস্য মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তের কো-অপারেটিভ সোসাইটি, প্রোগ্রেসিভ ফার্মার, ফিশারী কলেজ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ তথা আইসিএআর এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। কিছু কোম্পানিও এখানে স্টল দিয়েছে।
তিনি আরও জানান, যে সকল প্রগতিশীল মৎস্য চাষীরা নিজ নিজ এলাকায় মৎস্য চাষে সফল তাঁদেরই একটি নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকার প্রগতিশীল মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয় বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।
