সংশোধনাগারে বন্দী বিলোনিয়ার দুই সিপিআই(এম) নেতার বাড়িতে মানিক সরকার
বিলোনিয়া, ১২ জুলাই : সিপিআই(এম) নেতা তাপস দত্ত ও ত্রিলোকেশ সিনহার বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে দেখা করে কথা বলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
২০১৫ সালে সিআইটিইউ এর ডাকা সর্ব ভারতীয় বনধকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া কোর্টের একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সিপিআই(এম) নেতা তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা এবং বাবুল দেবনাথের বিরুদ্ধে একটি মামলা রুজু করে আদালতে চার্জশিট দাখিল করে। বিলোনিয়ার আদালত অভিযুক্ত তিন বাম নেতৃত্বকে ২ বছরের কারাদণ্ড দেয়।
পরে হাইকোর্ট নিন্ম আদালতের রায়কে বহাল রাখে। অবশেষে সিপিআই(এম) নেতৃত্বের পক্ষে মালটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা ও বাবুল দেবনাথ বিলোনিয়া কোর্টে আত্মসমর্পন করেন। আদালতের নির্দেশে তিন সিপিআই(এম) নেতাকে বিলোনিয়া সংশোধনাগারে নিয়ে রাখা হয়।
শনিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরিষ্ট সিপিআই(এম) নেতা মানিক সরকার তাপস দত্ত ও ত্রিলকেশ সিনহার বাড়ীতে গিয়ে তাদের পরিবার পরিজনের সাথে দেখা করে কথা বলেন।
এইদিন মানিক সরকারের সাথে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুধন দাস, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার, সিপিআই(এম) নেতা রিপু সাহা, সমীর নন্দী প্রমুখ।
