বিলোনিয়ার বিভিন্ন এলাকা জলমগ্ন, স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা
বিলোনিয়া, ১৫ জুলাই : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার জোলাইবাড়ি জাতীয় সড়ক তৈরি হওয়ার পর থেকে বিগত দু’বছর ধরে বর্ষাকালীন সময়ে বিলোনিয়া শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এলাকা হল বিলোনিয়া শহরের স্মৃতি মন্দির সংলগ্ন আমলা পাড়া এবং মাস্টার পাড়া এলাকা।
গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে এই এলাকাটি জলমগ্ন হয়ে পড়ে। প্রতিটি বাড়িঘরে জল প্রবেশ করেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এলাকার নাগরিকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়। বর্তমানে বেশিরভাগ বাড়িঘরের জল সরে গেলেও এখনো পর্যন্ত কিছু কিছু বাড়িসহ এলাকাতে জল জমে রয়েছে। ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং চলাফেরা করতেও এলাকাবাসীদের অসুবিধা হচ্ছে।
তাছাড়া এখানে রয়েছে শ্রী শ্রী রাম ঠাকুরের পূণ্য ধাম স্মৃতি মন্দির। প্রতিদিন প্রচুর সংখ্যায় ভক্তরা এখানে আসেন। কিন্তু জল জমার কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। গতকাল এলাকার মহিলারা দক্ষিণ জেলার শাসক মহম্মদ সাজ্জাদ পি এর সাথে দেখা করে এলাকার জল সরিয়ে দেওয়া এবং স্থায়ী ভাবে সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন।
