বিপজ্জনক সড়ক, হেলদোল নেই কতৃপক্ষের
কুমারঘাট, ২০ জুলাই : বিপজ্জনক হয়ে উঠেছে অসম-আগরতলা জাতীয় সড়কের কুমারঘাট থেকে বিরাশিমাইল যাওয়ার কাঞ্চনছড়া এলাকার একটি অংশ। সঠিক সংষ্কারের অভাবে ভেঙে পড়ছে জাতীয় সড়কের অংশ। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কের উপযুক্ত সংষ্কারের দাবি যান চালক থেকে শুরু করে স্থানীয়দের।
ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট থেকে বিরাশিমাইল যাওয়ার রাস্তার কাঞ্চনছড়া এলাকায় বিপজ্জনক হয়ে উঠেছে অসম-আগরতলা জাতীয় সড়ক। উপযুক্ত সংষ্কারের অভাবে প্রতিনিয়ত ধসে পড়ছে রাস্তার মাটি। ওই জায়গায় ঘটছে দুর্ঘটনা, হয়েছে প্রাণহানীও। উপযুক্ত পদ্ধতি মেনে সড়ক সংষ্কারের দাবি যানচালকদের।
ত্রিপুরায় ডবল ইঞ্জিনের শাসনে চলছে উন্নয়নের প্রতিযোগিতা। এমনই দাবি শাসক দলের নেতা মন্ত্রিদের। আর সেই প্রতিযোগিতার চক্করে রাজ্যের প্রকৃত উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ একাংশ জনগণের। সেই অভিযোগের সত্যতাই যেন এবারে ধরা পড়ল কুমারঘাট থেকে বিরাশিমাইল যাওয়ার কাঞ্চনছড়া এলাকায় জাতীয় সড়কে।
রাজ্যে নতুন নতুন জাতীয় সড়ক নির্মানের গল্প শোনাতে গিয়ে পুরনো জাতীয় সড়কের উপযুক্ত সংষ্কারের দিকে নজর নেই প্রশাসনের বলেই অভিযোগ। কাঞ্চনছড়া এলাকার ধনঞ্জয় মহাজন নামে এক যানচালক অভিযোগ করেন, বিরাশিমাইল থেকে কুমারঘাট যাওয়ার অসম-আগরতলা জাতীয় সড়কের কাঞ্চনছড়া এলাকার সড়কের একটি অংশ ভাঙছে ক্রমশ। ভাঙনের ফলে দিনের পর দিন বিপজ্জনক হয়ে উঠেছে সংশ্লিষ্ট জায়গাটি। কয়েক বছর ধরেই ভাঙছে রাস্তা। বর্ষার মরসুম এলেই বৃদ্ধি পায় সড়কের ভাঙনের মাত্রা।
তিনি অভিযোগ করেন, ভাঙন রোধে সামান্য ইট পাথর ফেলে নিজেদের দায়িত্ব খালাশ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাস্তার এই অবস্থার কারণে এই জায়গায় দূর্ঘটনায় মৃত্যুও হয়েছে। রাস্তার ভাঙন আটকাতে উপযুক্ত কাজ হচ্ছে না বলে সরাসরি প্রশাসনের দিকেই অভিযোগ তুললেন ওই যান চালক।
এদিকে তুলসী দে নামের আরও এক যান চালকের অভিযোগ, অনেকদিন ধরেই এই অবস্থা জাতীয় সড়কের। ভাঙনের ফলে রাস্তার প্রশস্ততা অনেক কমে গিয়েছে সংশ্লিষ্ট জায়গায়। এতে সরু রাস্তায় দুটি গাড়ি পাশাপাশি যেতে গিয়েই পড়ছে সমস্যায়। শিকার হচ্ছে দুর্ঘটনার। তিনি অভিযোগ করেন, রাস্তার ভাঙন রোধে সংষ্কার কাজ হলেও তা হচ্ছে না উপযুক্ত নিয়ম মেনে পাকাপোক্তভাবে। তিনি দাবি জানান রাস্তার সঠিক সংষ্কারের।
যান চালক গৌতম ভৌমিকের বক্তব্যেও উঠে এল জাতীয় সড়কের বেহাল অবস্থা মেটাতে কর্তৃপক্ষের দায়সারা কাজের কথা। তিনি আভিযোগ করেন, রাস্তার এই ভাঙনের ফলে মালবোঝাই গাড়ি নিয়ে যেতে আসতে সমস্যায় পড়তে হয় চালকদের। রাস্তার সংষ্কার কাজ সঠিকমত না হওয়াতেই বছরের পর বছর ধরে ওই রাস্তায় চলতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।
