সাধুটিলায় রেল লাইনে যুবকের ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার
আগরতলা, ২০ জুলাই : রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ঘটনা রবিবার সকালে রাজধানীর পূর্ব আগরতলা থানার অধীন যোগেন্দ্রনগর রেল স্টেশনের কাছে সাধুটিলার রেন্টার্স কালীবাড়ি সংলগ্ন এলাকায়।
এদিন সকালে এলাকার এক যুবক ব্রিজের উপর থেকে রেল ট্র্যাকে এই মৃতদেহটি দেখতে পান। সাথে সাথেই তিনি আগরতলা রেলস্টেশনের জিআরপি থানায় খবর পাঠান।
ওই যুবক জানান, তিনি ব্রিজের উপর থেকে কিছু একটা পড়ে থাকতে দেখেন। সাথে সাথে মোবাইলের ক্যামেরা জুম করে নিশ্চিত হন রেল ট্রাকে একটি ছিন্নভিন্ন মৃতদেহ পরে রয়েছে। তিনি জিআরপি থানায় খবর দেন। তিনি আরো জানান, মৃত ব্যক্তির কোন পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আপাতদৃষ্টিতে গোটা বিষয়টি একটি নিছক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।খুনের ঘটনা হয়ে থাকলে মৃতদেহে আঘাতের চিহ্ন থাকত। তবে ঘটনাটি আত্মহত্যা না দুর্ঘটনা সেই সম্পর্কেও ধারণা পাওয়া যাচ্ছে না।
ঘটনাটি খুন, আত্মহত্যা না দুর্ঘটনা সে সম্পর্কে স্থানীয়দের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জিআরপি এর পাশাপাশি পূর্ব আগরতলা থানার পুলিশকেও খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
