iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

জাতীয় শিক্ষানীতিতে শিক্ষাকে কর্মমুখী করে তোলার ব্যবস্থা রয়েছে : মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ২৩ জুলাই : জাতীয় শিক্ষানীতিতে শিক্ষাকে কর্মমুখী করে তোলার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের পছন্দ অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। একথা বললেন ত্রিপুরার উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন।

তিনি বুধবার আগরতলায় মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এক ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, এই জাতীয় শিক্ষানীতি মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্তরে সুচারুভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী সকলকেই একজোট হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, একটা সমাজ বা জাতি কতটা উন্নত তা শিক্ষার উন্নয়নের উপর নির্ভর করে। এক ভারত শ্রেষ্ঠ ভারত বা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করতে হলে জনগণকে সুশিক্ষিত করার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, রাজ্য সরকারের মিশন ও ভিশন হচ্ছে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যান্য বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়ে নিয়ে আসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিক প্রচেষ্টায় দেশে নতুন জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করা হয়েছে।

মন্ত্রী কিশোর বর্মণ জানান, উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর রাজ্যভিত্তিক পর্যালোচনা সভায় উচ্চশিক্ষা দপ্তরের পরিকাঠামোর বর্তমান পরিস্থিতি কি অবস্থায় রয়েছে তা পর্যালোচনা করা হয়। পাশাপাশি পর্যালোচনা সভায় রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলির পঠন পাঠন ব্যবস্থা এবং পরিকাঠামোর বর্তমান অবস্থা খতিয়ে দেখার জন্য সরেজমিনে পরিদর্শন করারও সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অঙ্গ হিসেবে আজ মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করা হয়। মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের সাথে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের নাম জড়িত রয়েছে, যিনি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *