ভূতের ভয়ে মোহরছড়া বিদ্যালয়ে অসুস্থ চারজন ছাত্রছাত্রী, হাসপাতালে ভর্তি
তেলিয়ামুড়া, ২৫ জুলাই : ভূতের ভয়ে বিদ্যালয়ে অসুস্থ হয়ে গিয়েছে চারজন ছাত্রছাত্রী। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়ার মোহরছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। বর্তমানে অসুস্থ ছাত্রছাত্রীরা তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন।
খোয়াই জেলার তেলিয়ামুড়ার মোহরছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ভূতের আতঙ্ক। হঠাৎ সপ্তম শ্রেণির তিন ছাত্রী এবং ষষ্ঠ শ্রেণির এক ছাত্র অসুস্থ হয়ে যায় কোন এক অলৌকিক কাণ্ড দেখে। সঙ্গে সঙ্গেই মোহরছড়া বিদ্যালয়ের শিক্ষকরা তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং সেখানেই বর্তমানে চলছে তাদের চিকিৎসা। অসুস্থ ছাত্র-ছাত্রীরা হল মনোজিৎ মণ্ডল, দিয়া দেবনাথ, তনুশ্রী সরকার এনং শুভশ্রী দেবনাথ।
এক ছাত্র জানায় বিদ্যালয় চলাকালীন যখন সে শৌচাগারে প্রাকৃতিক কাজ করতে যায় হঠাৎ করে তার চোখের সামনে ভেসে আসে এক মুণ্ডহীন মানুষ। সারা শরীর কালো এবং বিকৃত আকারের। এই অবস্থা দেখেই সে আতঙ্কে শৌচাগার থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই আরও তিনজন ছাত্রী শৌচাগারের দিকে গেলে একই দৃশ্য দেখে তারা। তারাও আতঙ্কে ছুটে এসে চিৎকার করতে থাকে উন্মাদ পাগলের মত।
বিদ্যালয় কর্তৃপক্ষ এগুলি দেখার পর তারা চারজনকেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চলছে তাদের প্রাথমিক চিকিৎসা। তবে স্থানীয় জনগণ জানিয়েছেন, মোহরছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ভৌতিক কাণ্ড কারখানা অনেক বছর ধরে চলছে।
বিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের পক্ষ থেকে ওই শৌচাগারগুলি ব্যবহার না করে ভেঙ্গে ফেলারও উপদেশ দেওয়া হয়েছিল। ওই বিদ্যালয়ের ভিতরে অনেক অপমৃত্যুর ঘটনা ঘটেছে। কিছুদিন পরপরই ছাত্র-ছাত্রীদের ভয়ের কারণ। শুক্রবারের ঘটনা কি আদৌ ভৌতিক কাণ্ড নাকি অন্য কোন রহস্য আছে, এনিয়ে যুক্তিবাদীদের মধ্যে প্রশ্ন উঠেছে।
