ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষা ভবনে এসটিজিটি পরীক্ষার্থীদের ধর্না
আগরতলা, ২৫ জুলাই : অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে উত্তীর্ণদের একসাথে নিয়োগ করার দাবিতে শুক্রবার শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল এসটিজিটি পরীক্ষার্থীরা। এদিন পরীক্ষার্থীরা প্লেকার্ড হাতে নিয়ে শিক্ষা ভবনের সামনে শামিল হন।
২০২২ সালে শিক্ষকের শূন্যপদ পূরণের লক্ষ্যে এসটিজিটি পরীক্ষা গ্রহণ করা হয়। কিন্তু এখনও পর্যন্ত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।একই সাথে সংশ্লিষ্ট শিক্ষকের শূন্যপদও পূরণ করা হয়নি। অবিলম্বে ফলাফল প্রকাশ করে শূন্যপদ পূরণের দাবিতে শুক্রবার পুনরায় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন এসটিজিটি পরীক্ষার্থীরা।
এই ডেপুটেশন প্রদান প্রসঙ্গে এক পরীক্ষার্থী জানান, তিন বছর পেরিয়ে গেছে। এর মধ্যে অনেক পরীক্ষার্থীরাই বয়সোত্তীর্ণ হয়ে গেছেন। তাঁদের কাছে বিকল্প কোন পথ নেই। কারণ তাঁরা আর কোন পরীক্ষায় বসতে পারবেন না। বিষয়টি নিয়ে বিভিন্ন স্থানে একাধিকবার তাঁরা আন্দোলনে শামিল হয়েছেন। কিন্তু, কর্তৃপক্ষ তাদের সঠিক বিষয়টি এখনো জানাচ্ছে না। তাই অবিলম্বে ফল প্রকাশ করে সংশ্লিষ্ট শূন্যপদ পূরণের দাবিতেই তাঁরা এদিন এই কর্মসূচিতে শামিল হয়েছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালে প্রায় নয় হাজার পরীক্ষার্থী এসটিজিটি পরীক্ষায় বসেছিলেন। এদিকে পরীক্ষা গ্রহণ করার পর সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একটি আইনি সমস্যা দেখা দেয়। রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যায়।
