iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ছাত্রভর্তি নিয়ে ফের রামঠাকুর কলেজে উত্তেজনা

আগরতলা, ১ আগস্ট : ছাত্রভর্তি নিয়ে আগরতলায় রামঠাকুর কলেজে ব্যাপক উত্তেজনা। স্থানীয়দের ভর্তি করানোর দাবিতে কলেজ অধ্যক্ষার নিকট ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে। ঘটনাকে কেন্দ্র করে এদিন কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ছাত্র ভর্তির প্রক্রিয়া নিয়ে আবারও জট রামঠাকুর কলেজে। শুক্রবার স্থানীয় ছাত্র-ছাত্রীদের ভর্তি করাতে হবে এই দাবি নিয়ে বাধারঘাট, সূর্যমণিনগর এবং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার কর্মী সমর্থকরা দল বেধে কলেজ অধ্যক্ষার কাছে ডেপুটেশন প্রদান করতে আসে। সেই সময় তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে। অধ্যক্ষার রুমের দরজায় লাথি মারতে থাকে।

এই নিয়ে কলেজের অধ্যক্ষা সহ অধ্যাপক অধ্যাপিকারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। বাধ্য হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডাঃ পাপড়ি দাস সেনগুপ্ত পুলিশ ডাকেন। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী রামঠাকুর কলেজে ছুটে আসে। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এদিন বাধারঘাট, সূর্যমণিনগর এবং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার প্রতিনিধিরা জানান, তিনটি বিধানসভা কেন্দ্র এলাকার অনেক ছাত্রছাত্রীরা রামঠাকুর কলেজে ভর্তি হতে আবেদন করেন। তাদের মধ্যে অনেকের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবার অনেকেরই ভর্তি প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। এই সমস্ত ছাত্রছাত্রীরা বিভ্রান্তির মধ্যে আছেন। তাদের ভর্তি প্রক্রিয়া তরাম্বিত করার দাবিতেই তারা শুক্রবার কলেজের অধ্যক্ষার কাছে ডেপুটেশন প্রদান করতে এসেছেন বলে জানান তারা।

এই প্রসঙ্গে রামঠাকুর কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষা ডঃ পাপড়ি দাস সেনগুপ্ত জানান, উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত তিনবার এই পোর্টাল খোলা হয়েছে। স্থানীয়রা কিছু ছাত্র-ছাত্রীদের নামসহ একটি লিস্ট জমা দিয়েছিল। ডেপুটেশনটি ইতিমধ্যেই উচ্চশিক্ষা দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এদিন ডেপুটেশন দিতে এসে চিৎকার চেঁচামেচি করা, দরজায় লাথি মারা ইত্যাদি ঘটনায় কলেজের সব অধ্যাপক অধ্যাপিকারা ভীষণ রকমের ভয় পেয়ে যান। এতে পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, ছাত্র ভর্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রামঠাকুর কলেজে কিছুটা জট বাঁধে। এর জন্য একজনকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। এর রেশ এখনও চলছে। এরমধ্যেই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে শুক্রবারের এই ঘটনায় রামঠাকুর কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *