iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কদমতলায় হেরোইন সহ গ্রেফতার যুবক

কদমতলা, ২২ আগস্ট : উত্তর ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য অর্জন করল কদমতলা থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কদমতলা থানার অন্তর্গত আমতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃত যুবকের নাম রুহেল আহমেদ। বাড়ি কালাগাং-এর পার এলাকার ৫ নং ওয়ার্ডে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কদমতলা থানার সাব ইন্সপেক্টর তপন দাসের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। রাত প্রায় ১১টার দিকে আমতলা বাজার সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা রুহেল আহমেদকে আটক করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে মোট পাঁচ কেইস হেরোইন। পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি বাইকও জব্দ করেছে পুলিশ। ধৃত যুবককে সঙ্গে সঙ্গে কদমতলা থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।
বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহেল আহমেদ স্থানীয় ও বাইরের একাধিক মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, তবে খুব শীঘ্রই চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে।

কদমতলা থানার এক কর্মকর্তা বলেন, “আমরা মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছি। এলাকায় অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে এই অভিশাপ দূর করতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উত্তর ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকায় একাধিকবার মাদকসহ পাচারকারীদের গ্রেফতার করেছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। বাংলাদেশ সীমান্তবর্তী এই অঞ্চলকে মাদক ব্যবসায়ীরা প্রায়শই নিরাপদ রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু পুলিশি তৎপরতা বেড়ে যাওয়ায় বারবার তাদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।
স্থানীয় মহলে কদমতলা থানার এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের ধারাবাহিক অভিযান হলে এলাকার যুব সমাজকে মাদকাসক্তির কবল থেকে রক্ষা করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *