iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সাব্রুমের ক্ষুদে বিজ্ঞানীর স্যালাইন সুরক্ষা মডেল, রোগীসেবায় নতুন দিগন্ত

সাব্রুম, ২৯ আগস্ট : বিজ্ঞানের জাদু আবারও দেখা গেল এক ক্ষুদে প্রতিভার হাতে। দক্ষিণ ত্রিপুরার হরিনা এইচএস স্কুলের ছাত্র রোহিত দেবনাথ এমন এক অভিনব সায়েন্স মডেল তৈরি করেছে, যা হাসপাতালে রোগী সেবার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সমাধান এনে দিতে পারে।

হাসপাতালে রোগীদের চিকিৎসার সময় প্রায়ই দেখা যায়, স্যালাইন শেষ হয়ে গেলে পাইপে ভ্যাকুয়ামের কারণে রক্ত ফিরে আসে। এ ঘটনা রোগীর স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। কিন্তু কর্মীসল্পতার কারণে অনেক সময় নার্স বা চিকিৎসাকর্মীরা সঙ্গে সঙ্গে উপস্থিত থাকতে পারেন না। এই সমস্যা থেকেই অনুপ্রাণিত হয়ে রোহিত তৈরি করেছে এক অটোমেটিক স্যালাইন অ্যালার্ম মডেল। তাঁর উদ্ভাবিত যন্ত্রটি স্যালাইন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বাজাবে এবং একইসঙ্গে পাইপে রক্ত প্রবাহ বন্ধ করে দেবে। ফলে রোগীর জীবন সুরক্ষিত থাকবে এবং হাসপাতালের কর্মীদের চাপও অনেকটা হ্রাস পাবে।

রোহিত জানায়, তাঁর এই মডেল সম্প্রতি টেকনো কলেজে অনুষ্ঠিত বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছে। এই সাফল্যে তাঁর পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা গর্বিত।

এদিন সাব্রুম মহকুমা হাসপাতালে মডেলটি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত মহকুমার চিকিৎসা আধিকারিক ডাঃ নৃপেন্দ্র রিয়াং জানান, এই উদ্ভাবনকে তাঁরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন। প্রাথমিকভাবে পাঁচটি মডেল সংগ্রহ করে টেস্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সফল হলে আগামীদিনে এই প্রযুক্তি আরও বৃহৎ পরিসরে ব্যবহার করা হবে। এদিনের মডেল প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ডাঃ সৌমিক হাজরা সহ হাসপাতালের সেবিকারা।

রোহিতের এই উদ্যোগ শুধু বিজ্ঞানের প্রতি তাঁর আগ্রহকেই তুলে ধরেনি, বরং প্রমাণ করেছে সমাজের সমস্যাগুলির সমাধান ক্ষুদে বিজ্ঞানীদের চিন্তাভাবনা থেকেই আসতে পারে। সাব্রুম মহকুমার মানুষের কাছে এটি নিঃসন্দেহে এক অনুপ্রেরণার ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *