সাব্রুমে জাতীয় ক্রীড়া দিবস পালিত, হকির জাদুকর ধ্যানচাঁদকে স্মরণ
সাব্রুম, ২৯ আগস্ট : হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাড়ম্বরে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস। এই কর্মসূচির আয়োজন করে সাব্রুম যুব বিষয়ক ও ক্রিয়া দফতর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত। পাশাপাশি ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন দীপক দাস, প্রাক্তন চেয়ারপার্সন শান্তিপ্রিয় ভৌমিক, বিদ্যালয় পরিদর্শক যারনাং মগ, বিশিষ্ট সমাজসেবী তাপস লোধ, গৌতম ত্রিপুরা সহ মহকুমার একাধিক গুণীজন। অতিথিরা ধ্যানচাঁদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কর্মসূচির সূচনা করেন।
উপস্থিত বক্তারা ভারতীয় হকির ইতিহাসে ধ্যানচাঁদের অবদান তুলে ধরেন। বক্তাদের মতে, তাঁর জন্মদিনকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি অনুপ্রাণিত করা সম্ভব।
এদিন মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগা প্রদর্শন করে, যা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের আহ্বায়ক জিমি দেববর্মা উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি কেবল খেলাধুলার গুরুত্বকে নতুন করে স্মরণ করাল না, বরং যুবসমাজের মাঝে দেশপ্রেম ও ক্রীড়াচেতনার উন্মেষ ঘটাল বলে স্থানীয়রা অভিমত ব্যাক্ত করেন।
