অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আগরতলায় দুই বাংলাদেশি আটক
আগরতলা, ৩১ জানুয়ারি : আগরতলা শহরের জয়পুর এলাকায় ভারত–বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৪২ নম্বর ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে।
আটককৃতদের নাম জাহাঙ্গীর মিয়া ও হৃদয় সরকার। তারা দু’জনেই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিএসএফ সূত্রে খবর, অভিযুক্তরা অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল।
গ্রেফতারের পর তাদের অনুপ্রবেশের উদ্দেশ্য জানার জন্য বিএসএফ ও ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এদিকে, পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, শনিবার আটক দুই ব্যক্তিকে আদালতে হাজির করা হয়। ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
