iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বেতন না মেলায় মহাকরণে কর্মচারীদের হইচই, জিএসএ দফতরে ঘেরাও

আগরতলা, ৩ ফেব্রুয়ারি : ত্রিপুরার প্রশাসনিক সদর দফত মহাকরণেই দেখা দিল নজিরবিহীন অচলাবস্থা। মাসের তিন তারিখ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন মহাকরণের কর্মচারীরা। পরিস্থিতির চাপে পড়ে কাজ ফেলে রেখে জিএসএ দফতরের ডিডিও-কে ঘেরাও করেন কর্মচারীরা।

জানা গেছে, সাধারণত প্রতি মাসের ১ তারিখেই মহাকরণের কর্মচারীদের বেতন তাঁদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। কিন্তু চলতি মাসে ব্যতিক্রমীভাবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বেতন না পাওয়ায় মঙ্গলবার মহাকরণে শুরু হয় তীব্র অসন্তোষ ও হইচই। বেতন প্রদানের দাবিতে একযোগে জিএসএ দফতরের ডিডিও সুরজিৎ বংশীকে ঘেরাও করে কর্মচারীরা অবিলম্বে সমস্যার সমাধানের দাবি জানান।

এই বিষয়ে ডিডিও সুরজিৎ বংশী জানান, কর্মচারীদের বেতনের বিল ইতিমধ্যেই ট্রেজারিতে পাঠানো হয়েছে এবং সেখান থেকে অনুমোদনপত্র সংশ্লিষ্ট ব্যাঙ্কে পৌঁছে গেছে। তবে ব্যাঙ্কের সফটওয়্যারজনিত সমস্যার কারণে বেতন জমা দিতে বিলম্ব হচ্ছে। তিনি আরও জানান, সমস্যার দ্রুত সমাধানে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে কাজ করছে এবং শীঘ্রই এই জট কাটবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, মহাকরণের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দফতরে বেতন সংক্রান্ত এমন সমস্যা আগে কখনও দেখা যায়নি। বেতনের দাবিতে ডিডিও-কে ঘেরাও করার ঘটনাও মহাকরণের ইতিহাসে নজিরবিহীন বলে মনে করছেন কর্মচারী মহল। এই ঘটনার ফলে মহাকরণের স্বাভাবিক কাজকর্মে ব্যাপক প্রভাব পড়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *