iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সর্বোচ্চ আদালতের রায়ের কারণে ত্রিপুরায় ওবিসি সংরক্ষণ কার্যকর করা যাচ্ছে না : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ ফেব্রুয়ারি : সর্বোচ্চ আদালতের নির্দেশ মান্যতা দেওয়ার কারণেই ত্রিপুরা রাজ্যে ওবিসি সংরক্ষণ নীতি কার্যকর করা সম্ভব হচ্ছে না বলে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

মঙ্গলবার রাজধানী আগরতলায় প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত ডঃ বি আর আম্বেদকর স্মারক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যেখানে ওবিসি সংরক্ষণ নীতি কার্যকর করেছে, সেখানে রাজ্যে কেন তা চালু করা যাচ্ছে না—এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী সংরক্ষণ সংক্রান্ত আইনি সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্তরে তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ রয়েছে ৭.৫ শতাংশ, তফসিলি জাতি (এসসি) সংরক্ষণ ১৫ শতাংশ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংরক্ষণ ২৭ শতাংশ। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের হার দাঁড়িয়েছে ৪৯.৫ শতাংশ। অন্যদিকে, ত্রিপুরা রাজ্যে এসটি সংরক্ষণ রয়েছে ৩১ শতাংশ এবং এসসি সংরক্ষণ রয়েছে ১৭ শতাংশ। ফলে রাজ্যে এসসি ও এসটি মিলিয়ে মোট সংরক্ষণের হার ইতিমধ্যেই ৪৮ শতাংশে পৌঁছেছে।

তিনি আরও বলেন, সংরক্ষণ নীতির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি স্পষ্ট রায় রয়েছে, যেখানে বলা হয়েছে—কেন্দ্র বা রাজ্য, কোথাওই মোট সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হতে পারবে না। এই নির্দেশের কারণে রাজ্যে নতুন করে ওবিসি সংরক্ষণ চালু করা আইনত সম্ভব হচ্ছে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান মৃণাল কান্তি নাথ, অধিকর্তা নির্মল অধিকারি, সচিব তাপস রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *