টিটিএএডিসি-তে বিজেপি-এর উত্থান নিশ্চিত : মন্ত্রী বিকাশ
আগরতলা, ৪ ফেব্রুয়ারি : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-তে বিজেপি-এর সরকার গঠন এখন সময়ের অপেক্ষা মাত্র বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বুধবার আগরতলায় কেন্দ্রীয় বাজেট প্রস্তাব নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বিকাশ দেববর্মা কেন্দ্রীয় বাজেটকে আদিবাসী জনগণের কল্যাণে নিবেদিত বাজেট হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, এই বাজেটে জনজাতি এলাকার সার্বিক উন্নয়ন এবং আদিবাসী সমাজের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। গরীব, বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রাধিকার সুনিশ্চিত করাই এই বাজেটের মূল লক্ষ্য বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, গ্রামীণ উন্নয়নের জন্য ২ লক্ষ ৭৩ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার একটি বড় অংশ আদিবাসী উন্নয়নে ব্যয় করা হবে। পাশাপাশি জীবিকা সৃষ্টি, আবাসন, পানীয় জল ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১ লক্ষ ৬২ হাজার ৬৭১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গরীব কল্যাণমুখী এই বাজেট পেশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানান তিনি।
এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতি এলাকায় বিজেপি-এর অস্তিত্ব নেই—এই ধরনের প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তবে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত বিজেপিতে যোগদান করছেন এবং পাহাড়ি এলাকায় দল ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, বাম শাসনের ৩৫ বছরে জনজাতিরা শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে। পাশাপাশি গত পাঁচ বছর ধরে টিটিএএডিসি-তে যারা ক্ষমতায় রয়েছে, তারা জনজাতির নাম ব্যবহার করে ভোট আদায় করলেও প্রকৃত উন্নয়নে ব্যর্থ হয়েছে। এর ফলেই জনজাতি সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় জনজাতিদের অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এই আস্থার কারণেই আজ পাহাড়ি এলাকায় হাজার হাজার মানুষ বিজেপিতে শামিল হচ্ছেন। টিটিএএডিসি-তে বিজেপি-এর সরকার গঠন অবশ্যম্ভাবী বলেও তিনি দাবি করেন।
