iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ত্রিপুরায় প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতিতে বড় পদক্ষেপ, ফায়ার স্টেশনগুলিতে আধুনিক সরঞ্জাম হস্তান্তর

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা ও মহকুমা স্তরের দমকল কেন্দ্রগুলিকে আরও শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসেস দফতর। বুধবার রাজ্যের বিভিন্ন ফায়ার স্টেশনে অগ্নি নির্বাপক গাড়িসহ অত্যাধুনিক সরঞ্জাম বিতরণী অনুষ্ঠানে এই কথা জানান ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের অধিকর্তা মেঘা জৈন।

বাধারঘাট মাতৃপল্লীর মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে মোট প্রায় ৩৩ কোটি ৫৭ লক্ষ টাকার অত্যাধুনিক সামগ্রী রাজ্যের বিভিন্ন অগ্নি নির্বাপক কেন্দ্রগুলির দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে একাধিক আধুনিক অগ্নি নির্বাপক গাড়ি ও দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত বিশেষ সরঞ্জাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেঘা জৈন জানান, ত্রিপুরা প্রাকৃতিক দুর্যোগের ছয় নম্বর জোনের অন্তর্ভুক্ত। বিগত কয়েক বছরে অতিবৃষ্টির ফলে রাজ্যে ঘন ঘন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি মাঝেমধ্যেই ভূমিকম্পের ঘটনাও ঘটছে। এই ধরনের দুর্যোগ মোকাবিলায় রাজ্যের প্রতিটি ফায়ার স্টেশনকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করে তুলতে দফতর বিশেষ গুরুত্ব দিয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত ও কার্যকরভাবে উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের দমকল ব্যবস্থার পরিকাঠামো আরও মজবুত হবে এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে।

এদিনের অনুষ্ঠানে অগ্নি নির্বাপক দফতরের ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন ফায়ার স্টেশনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *