মোহনপুরে বিবেকানন্দ পুষ্প উদ্যানের উদ্বোধন, ফুল চাষে স্বাবলম্বী হচ্ছেন হাজারো কৃষক
মোহনপুর, ৪ জানুয়ারি : কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কৃষিবান্ধব প্রকল্পের সুফলে ত্রিপুরায় ফুল চাষ একটি গুরুত্বপূর্ণ জীবিকার উৎস হিসেবে গড়ে উঠছে। বর্তমানে ত্রিপুরায় ৫৯ হাজার ১০০ জন কৃষক ফুল চাষের সঙ্গে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দফতরের মন্ত্রী রতনলাল নাথ।
বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় সংলগ্ন বিবেকানন্দ পুষ্প উদ্যানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। কৃষি ও কৃষক কল্যাণ দফতরের উদ্যোগে প্রায় ১৪ কানি জমিতে গড়ে তোলা এই ফুল বাগান নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ টাকা।
উদ্বোধনী বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ত্রিপুরার মাটি ও আবহাওয়া ফুল চাষের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যে মাত্র ২ হাজার ৪৩৮ কানি জমিতে ফুল চাষ হতো এবং ফুল চাষে যুক্ত ছিলেন ২ হাজার ১৯০ জন কৃষক। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮২০ কানি জমি ও ৫৯ হাজার ১০০ জন কৃষকে।
তিনি জানান, আগে রাজ্যে ফুল উৎপাদন ছিল মাত্র ১ হাজার ১৭০ মেট্রিক টন, যা বর্তমানে বেড়ে হয়েছে ২ হাজার ৭০৪ মেট্রিক টন। একসময় রাজ্যের ফুলের চাহিদার মাত্র ৩৫ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হতো, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রায় ৭৯ শতাংশে পৌঁছেছে। কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে আরও বহু কৃষক ফুল চাষে যুক্ত হয়ে স্বাবলম্বী ও আত্মনির্ভর হয়ে উঠবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শংকর দেব, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য জয়লাল দাস, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারাধন সাহা প্রমুখ।
