আগামীকাল আগরতলায় ভিবি-জিরামজি আইন উপলক্ষ্যে জনপ্রতিনিধি সম্মেলন, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী
আগরতলা, ১০ ফেব্রুয়ারি : ভিবি-জিরামজি আইন প্রণয়ন উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যস্তরের জনপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। পাশাপাশি রাজ্যের মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেবেন।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। তিনি বলেন, গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি বিধায়ক ও মন্ত্রিরা উপস্থিত থাকবেন।
মন্ত্রী জানান, দেশে দারিদ্রসীমার নিচে থাকা বহু মানুষ ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে উন্নত অবস্থানে পৌঁছেছেন। সেই প্রেক্ষিতে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এমজিএনরেগা প্রকল্পের পুনর্গঠন প্রয়োজন হয়ে পড়েছিল। দুর্নীতিমুক্ত গ্রামীণ উন্নয়ন ব্যবস্থাপনা গড়ে তুলতেই ভিবি-জিরামজি আইন প্রণয়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, এই উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের বিভিন্ন প্রকল্পে উপকৃত ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হবে। রাজ্যে এই ধরনের উদ্যোগ এই প্রথম এবং এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ বলেও দাবি করেন পঞ্চায়েত মন্ত্রী।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে এমজিএনরেগা সংক্রান্ত ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলির আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের নতুন আইনকে সামনে রেখে এই সম্মেলন ঘিরে রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে।
