এডিবি ফান্ড ব্যবহারে দেশের ২১ রাজ্যের মধ্যে দশম ত্রিপুরা, সন্তোষ প্রকাশ প্রতিনিধি দলের
আগরতলা, ১২ ফেব্রুয়ারি : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-এর আর্থিক সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে দেশের ২১টি রাজ্যের মধ্যে দশম স্থানে রয়েছে ত্রিপুরা। বৃহস্পতিবার এডিবি-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
রাজ্যের সার্বিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বাজেটের পাশাপাশি ঋণভিত্তিক প্রকল্পের গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ত্রিপুরা সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে একাধিক তহবিল গ্রহণ করেছে। ওই তহবিলের সঠিক ব্যবহার হচ্ছে কি না তা পর্যালোচনার উদ্দেশ্যে এডিবি-এর নর্থ ইস্ট রিজিয়নের একটি প্রতিনিধি দল রাজ্য সফরে আসে। বৃহস্পতিবার রাজধানীর শ্যামাপ্রসাদ মুখার্জী লেনস্থিত টিআইএফটি কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, টিআইডিসি-এর চেয়ারম্যান নবদল বণিক এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকে এডিবি-এর আর্থিক সহায়তায় রাজ্যে ইতিমধ্যে সম্পন্ন ও চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে “ত্রিপুরায় শিল্প উন্নয়নের কৌশলগত পদ্ধতি” শীর্ষক একটি পুস্তিকাও প্রকাশ করা হয়।
প্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, এডিবি কর্তৃপক্ষ রাজ্যে তাদের অর্থের যথাযথ ব্যবহার নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তিনি বলেন, “এডিবি-এর ফান্ডের সঠিক প্রয়োগের ক্ষেত্রে দেশের ২১টি রাজ্যের মধ্যে ত্রিপুরা দশম স্থানে রয়েছে—এই তথ্য বৈঠকেই আমাদের জানানো হয়েছে।”
উল্লেখ্য, এর আগে বুধবার মহাকরণে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও এডিবি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানেও রাজ্যে ব্যাঙ্কের অর্থের ব্যবহার ও প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
