সচিবালয়ের গেটে নর্দমায় মুখ্যমন্ত্রীর ছবিসহ সরকারি ফ্লেক্স, চাঞ্চল্য আগরতলায়
আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : ত্রিপুরা প্রশাসনের সদর দফতর সচিবালয়ের মূল প্রবেশপথের সামনেই নর্দমায় পড়ে থাকতে দেখা গেল মুখ্যমন্ত্রীর ছবিসহ জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) একটি সরকারি ফ্লেক্স। ঘটনাটি ঘিরে শুক্রবার রাজধানী আগরতলায় প্রশাসনিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই সচিবালয়ে ঢোকার প্রধান পথের পাশের নর্দমায় পড়ে রয়েছে ফ্লেক্সটি। এতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রতিদিন এই পথ দিয়েই মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, মন্ত্রিসভার সদস্য এবং উচ্চপদস্থ আধিকারিকদের যাতায়াত হলেও ফ্লেক্সটি সরানো বা যথাযথ স্থানে রাখার কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।
বর্তমানে রাজ্য জুড়েই বিভিন্ন সরকারি দফতর, বেসরকারি সংস্থা এবং রাজনৈতিক নেতৃত্বের প্রচারমূলক ফ্লেক্সের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। তবে সচিবালয়ের প্রবেশমুখে সরকারি ফ্লেক্স নর্দমায় পড়ে থাকা ঘটনাকে ‘দৃষ্টিকটু’ ও প্রশাসনিক উদাসীনতার পরিচায়ক বলে মত প্রকাশ করেছেন অনেকেই।
শুক্রবার ব্যক্তিগত কাজে মহাকরণে যাওয়ার পথে এক সচেতন নাগরিক বিষয়টি দেখে তীব্র প্রতিবাদ জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রশাসনের সর্বোচ্চ দফতরের সামনে এ ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, বর্তমানে রাজ্য সফরে রয়েছেন কেন্দ্রীয় সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পাশাপাশি বুধবার থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) একটি প্রতিনিধি দলও নিয়মিত মহাকরণে বৈঠক করতে আসছেন। সচিবালয়ের মূল ফটকের সামনে এভাবে সরকারি ফ্লেক্স নর্দমায় পড়ে থাকার বিষয়টি তাদের নজরেও এসেছে বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে।
