বেহাল রাস্তায় চরম দুর্ভোগ, সংস্কারের দাবিতে ক্ষুব্ধ বাঁশতলি টিটিএএডিসি ভিলেজের জনগণ
বিশালগড়, ১৭ ফেব্রুয়ারি : বেহাল রাস্তার জেরে চরম ভোগান্তির শিকার সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকের বাঁশতলি টিটিএএডিসি ভিলেজের জোটতলি, ননজলা, বয়ড়ামুড়া, গর্জনতলি ও জাঙ্গালিয়া এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাজুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ২০১৮ সাল থেকেই রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষাকালে রাস্তা কাদায় পরিণত হয়ে চলাচল প্রায় অচল হয়ে পড়ে, আর শুকনো মৌসুমে ধুলোর কারণে পথচারী ও যানবাহন চলাচল দুর্বিষহ হয়ে ওঠে। এর ফলে স্কুলপড়ুয়া, রোগী, প্রবীণ নাগরিকসহ সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।
এলাকাবাসী জানান, একাধিকবার সংশ্লিষ্ট দফতরে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। জরুরি পরিষেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে না পারায় বিপদের সময় রোগীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
অতিদ্রুত রাস্তা সংস্কার ও পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।
