সাব্রুম আদালতে ৯০ দিনের ‘মিডিয়েশন ফর নেশন’ ক্যাম্পিং, সচেতনতামূলক র্যালি
সাব্রুম, ১৭ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম আদালতে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে শুরু হতে চলেছে ৯০ দিনের বিশেষ কর্মসূচি ‘মিডিয়েশন ফর নেশন’ ক্যাম্পিং। এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজের আদালতে খুব শীঘ্রই এই মধ্যস্থতা প্রক্রিয়া চালু করা হবে।
এই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস কমিটির উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সাব্রুম আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী এলাকাগুলি পরিক্রমা করে। এতে আদালতের বিচারক, কর্মী, পুলিশ ও বিভিন্ন আধিকারিকরা অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস রূপশ্রী দেব, এসডিজেএম এন. আর. রাকেশ, মিডিয়েটর আপন দত্তসহ আদালতের অন্যান্য কর্মকর্তারা।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস রূপশ্রী দেব জানান, দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলাগুলির দ্রুত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যস্থতার মাধ্যমে সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
তিনি আরও জানান, সাধারণ মানুষকে আদালতের বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার বিষয়ে সচেতন করতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
