iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সোনামুড়ায় প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, প্রায় ২০ লক্ষ টাকার গয়না উধাও

সোনামুড়া , মে : সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত কুলুবাড়ি এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চোরের দল বাড়ি থেকে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলুবাড়ির বাসিন্দা আবুল কাশেম দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত। তাঁর অনুপস্থিতিতে বাড়িতে একাই থাকতেন তাঁর স্ত্রী। বুধবার হঠাৎই তিনি বাড়ির বাইরে একটি স্বর্ণালঙ্কারের বাক্স পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ঘরে ঢুকে আলমারি পরীক্ষা করে তিনি দেখতে পান, আলমারির তালা খোলা এবং ভেতরে রাখা প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার উধাও।

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন গৃহবধূ। কখন বা কীভাবে চুরির ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি। এরপরই তিনি সোনামুড়া থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা বাড়ি পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে জোরপূর্বক প্রবেশের সুস্পষ্ট চিহ্ন মেলেনি, ফলে পরিচিত কারও জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, বাড়ির পরিচারিকার ওপর প্রাথমিকভাবে সন্দেহের তীর পড়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। তবে পুলিশ এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চায় না এবং সমস্ত দিক খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।

এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, বিশেষ করে যেসব পরিবারে সদস্যরা বাইরে কর্মরত, তাঁদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই ঘটনার রহস্য উদ্ঘাটন করে দোষীদের গ্রেফতারর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *