বিজেপি ছেড়ে তিপ্রা মথায় যোগ, রাতভর তালাবন্দি পরিবার, পুলিশ গিয়ে উদ্ধার
আগরতলা, ১৫ মে : বিজেপি ছেড়ে তিপ্রা মথায় যোগ দেওয়ার জেরে রাজধানী আগরতলার মেহের কালীবাড়ি সংলগ্ন এলাকায় একটি জনজাতি পরিবারকে রাতভর তালাবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে খবর পেয়ে তিপ্রা মথার বিধায়ক বিশ্বজিৎ কলই রামনগর ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ বাড়ির প্রধান ফটকের তালা কেটে পরিবারের দুই মহিলাকে উদ্ধার করে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ ধরনের ঘটনার অভিযোগে বিভিন্ন মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট পরিবারটি দীর্ঘদিন বিজেপি-র সমর্থক ছিল। সম্প্রতি তাঁরা বিজেপি ছেড়ে তিপ্রা মথায় যোগ দেয়। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে একদল দুষ্কৃতী বাড়িতে এসে পরিবারের সদস্যদের বাইরে বেরিয়ে আসতে বলে। পরিবারটি দরজা না খোলায় বাড়ির প্রধান ফটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়।
এর ফলে পরিবারের দুই মহিলা সারারাত ঘরের ভিতরে কার্যত অবরুদ্ধ অবস্থায় কাটান। শুক্রবার সকালে বিষয়টি তিপ্রা মথার নেতৃত্বের নজরে এলে বিধায়ক বিশ্বজিৎ কলই পুলিশকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ তালা কেটে তাঁদের মুক্ত করে।
এদিন স্থানীয় জনৈক বাসিন্দা জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে পরিবারের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পরই এমন ঘটনা ঘটেছে বলে তাঁর ধারণা।
উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে রাজনৈতিক টানাপড়েন আরও প্রকট হয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে হুমকি-ধমকি ও চাপ সৃষ্টি করার অভিযোগ সামনে আসছে।
মেহের কালীবাড়ি এলাকায় এই তালাবন্দির ঘটনায় রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক মতাদর্শের কারণে একটি পরিবারকে রাতভর অবরুদ্ধ করে রাখার অভিযোগে নাগরিক সমাজের একাংশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
