iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

রাধানগর পেট্রোল পাম্পে অটোচালকের হামলায় রক্তাক্ত সাংবাদিক

আগরতলা, ১৫ মে : রাজধানী আগরতলায় রাধানগর পেট্রোল পাম্পে প্রকাশ্য দিবালোকে অটোচালকের হামলায় রক্তাক্ত হলেন রাজ্যের চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলসহ বিভিন্ন স্তরে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সাম্প্রতিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির কারণে শহরের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রাধানগর পেট্রোল পাম্পেও শুক্রবার দুপুরে বিপুল সংখ্যক বাইক ও গাড়ির দীর্ঘ লাইন পড়ে। উপস্থিত গ্রাহকেরা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ অবস্থায় জ্বালানি সংগ্রহ করছিলেন।

এই সময় রাধানগর অটোস্ট্যান্ডের একটি অটোরিকশা (নম্বর: টিআর০১-জে-৩৭৭৪) নিয়ে জনৈক চালক পাম্পে এসে লাইনে দাঁড়িয়ে থাকা বাইক আরোহীদের পাশ কাটিয়ে জোরপূর্বক সামনে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত জনৈক গ্রাহক এর প্রতিবাদ জানালে অভিযুক্ত অটোচালক তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।

সেই সময় ওই গ্রাহকের ঠিক পেছনেই লাইনে দাঁড়িয়ে ছিলেন চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ। তিনি অটোচালকের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করলে অভিযুক্ত আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পাম্পের পাশে রাখা একটি মোটরসাইকেল থেকে হেলমেট তুলে নিয়ে তিনি বিজয় দেবনাথের ওপর অতর্কিতে হামলা চালান।

হেলমেটের আঘাতে সাংবাদিক বিজয় দেবনাথের কপাল ও মাথায় গুরুতর চোট লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, নিয়ম ভঙ্গ করে লাইনে ঢোকার চেষ্টা এবং প্রতিবাদের জেরেই এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে অন্যান্য সাংবাদিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত অটোচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত বিজয় দেবনাথকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অটোর নম্বরের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

প্রকাশ্য দিবালোকে সাংবাদিকের ওপর এ ধরনের হামলার ঘটনায় সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। অভিযুক্ত অটোচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *