iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কাজ, খাদ্য ও কর্মসংস্থানের দাবিতে ত্রিপুরায় আন্দোলনে নামছে সিপিআই(এম)

আগরতলা, ১৯ জুন : কাজ, খাদ্য ও কর্মসংস্থানের দাবিতে আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরার সিপিআই(এম)। দলের রাজ্য কমিটির দুই দিনের বৈঠকে এ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুক্রবার বৈঠক শেষে আগরতলায় সিপিআই(এম) রাজ্য দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি।

সাংবাদিক সম্মেলনে এমএ বেবি কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান শাসক দল দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, বিজেপি-র মূল লক্ষ্য মানুষের কল্যাণ নয়, বরং সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা। সেই লক্ষ্যেই বিভাজনের রাজনীতি এবং বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ রক্ষার জন্য বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা জরুরি। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

এমএ বেবি আরও বলেন, দেশের অর্থনৈতিক বৈষম্য ক্রমশ বাড়ছে এবং কর্পোরেট স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সাধারণ মানুষের অধিকার খর্ব করা হচ্ছে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিকে আত্মনির্ভর ভারতের কথা বললেও অন্যদিকে বড় বড় কর্পোরেট গোষ্ঠীর স্বার্থরক্ষায় কাজ করছেন। আদানি-আম্বানিদের সুবিধা করে দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে, রাজ্য কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির বিস্তারিত তুলে ধরে জীতেন্দ্র চৌধুরী জানান, বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া ১২টি রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও শুরু হতে চলেছে। এই প্রক্রিয়ায় যাতে কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, সে বিষয়ে দল বিশেষ নজর রাখবে। প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সহায়তা করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, খাদ্য, কাজ এবং কর্মসংস্থানের দাবিতে জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলা শাসকের কার্যালয়, ব্লক অফিস এবং প্রয়োজন অনুযায়ী ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর জোনাল ও সাব-জোনাল অফিসগুলিতে গণ-ডেপুটেশন কর্মসূচি করা হবে। এই কর্মসূচির মাধ্যমে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থানের বিষয়গুলি জোরালোভাবে তুলে ধরা হবে।

শ্রমিকদের স্বার্থ রক্ষার প্রশ্নেও আন্দোলনের ডাক দিয়েছে সিপিআই(এম)। জীতেন্দ্র চৌধুরী জানান, কেন্দ্রের প্রণীত শ্রম কোড বাতিলের দাবিতে আগামী ১০ জুলাই আইন অমান্য আন্দোলন করা হবে। শ্রমিকদের অধিকার ও সামাজিক নিরাপত্তা রক্ষার স্বার্থে এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি দাবি করেন।

সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, আগামী কয়েক মাসে রাজ্যের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় করে তুলতে চায় দল। খাদ্য, কাজ, কর্মসংস্থান, ভোটার তালিকা সংশোধন এবং শ্রমিক স্বার্থের মতো বিষয়গুলিকে কেন্দ্র করে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার রূপরেখাও এদিন তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *