আরামবাগ জীবনসঙ্গী ক্লাবের পুজো উদ্বোধনে দুই বিধায়ক, উপস্থিত পুলিশ আধিকারিকরাও
হুগলি, ৯ নভেম্বর : দীপাবলি ও শ্যামাপুজোকে কেন্দ্র করে উৎসবের আবহে মেতে উঠেছে আরামবাগ। সেই উৎসবের আমেজের মধ্যেই আরামবাগ জীবনসঙ্গী ক্লাবের উদ্যোগে আয়োজিত শ্যামাপুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের ওএসডিপিও সন্দীপ নন্দী এবং আরামবাগ থানার আইসি সুমিত তালুকদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা পুজোর উদ্বোধন করেন এবং মা শ্যামার কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা জানান।
পুজোকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের পরিবেশ। স্থানীয় বাসিন্দা ও পুজো উদ্যোক্তাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। পুজো উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে।
ধর্মীয় ভাবনা, সামাজিক সম্প্রীতি এবং উৎসবের আনন্দকে সামনে রেখেই প্রতিবছরের মতো এবারও শ্যামাপুজোকে ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে আরামবাগ জীবনসঙ্গী ক্লাব।
