iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

১০ নভেম্বর থেকে পাহাড় লাইনে পরিদর্শনে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার

হাফলং (অসম),১০ নভেম্বর : লামডিং–বদরপুর পাহাড়ি রেলপথের নিরাপত্তা, পরিকাঠামো ও সামগ্রিক রেল পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখতে ১০ নভেম্বর পাহাড় লাইনে পরিদর্শনে আসছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার   (জিএম) বিবেক খারে। তাঁর এই পরিদর্শনকে কেন্দ্র করে রেলমহলে তৎপরতা শুরু হয়েছে। সফরসূচি অনুযায়ী, গুয়াহাটি থেকে নিউ হাফলং হয়ে বদরপুর পর্যন্ত রেলপথের বিভিন্ন অংশ তিনি সরেজমিনে পরিদর্শন করবেন।

প্রাপ্ত রেলওয়ে সফরসূচি অনুযায়ী, ৯ নভেম্বর রাত ১১টা ৫৭ মিনিটে ১৫৬৭০ নম্বর ট্রেনে লামডিং থেকে যাত্রা করে ১০ নভেম্বর ভোর ৪টায় গুয়াহাটি পৌঁছবেন জেনারেল ম্যানেজার। এরপর ১০ নভেম্বর সকাল ১১টায় বিশেষ পরিদর্শন ট্রেনে গুয়াহাটি থেকে নিউ হাফলংয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি। এই যাত্রাপথে জিএমের সঙ্গে থাকবেন রেলের পদস্থ আধিকারিকেরা। গুয়াহাটি থেকে নিউ হাফলং পর্যন্ত তাঁর উইন্ডো ট্রেলিং ইন্সপেকশনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সরেজমিনে পরিদর্শন করা হবে।

পরদিন, অর্থাৎ ১১ নভেম্বর সকাল ৯টায় নিউ হাফলং থেকে বিশেষ পরিদর্শন ট্রেনে বদরপুরের উদ্দেশে যাত্রা করবেন জেনারেল ম্যানেজার। এই পর্বেও তাঁর সঙ্গে থাকবেন সংশ্লিষ্ট রেল বিভাগের আধিকারিকেরা। নিউ হাফলং থেকে বদরপুর পর্যন্ত রেলপথের উইন্ডো ট্রেলিং ইন্সপেকশন সম্পন্ন করার পর নিউ হাফলংয়ে রাত্রিযাপনের কর্মসূচি রয়েছে। এরপর বদরপুর থেকে লামডিং সদর দফতরে ফিরে আসার কথা রয়েছে তাঁর।

এই পরিদর্শনকালে জেনারেল ম্যানেজারের সঙ্গে থাকার নির্দেশ দেওয়া হয়েছে লামডিং রেল বিভাগের সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার (কো-অর্ডিনেশন), সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার, সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার, সিনিয়র ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (টিআরডি), সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (জেনারেল) এবং সিনিয়র ডিভিশনাল সেফটি অফিসারকে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগের পরিদর্শনের সময় প্রত্যেক বিভাগীয় সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে জেনারেল ম্যানেজারের সঙ্গে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

লামডিং রেল বিভাগের ডিআরএমের নির্দেশক্রমে এই সফরসূচি জারি করা হয়েছে। পাহাড়ি রেলপথের গুরুত্বপূর্ণ অংশগুলি পরিদর্শনের পাশাপাশি রেল পরিষেবা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ও এই সফরে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *