কাঞ্চনপুরে জুয়ার আসরে বাধা, রাতের আঁধারে বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, লুটপাট ও ভাঙচুর
কাঞ্চনপুর , ১০ নভেম্বর : কালীপুজোকে কেন্দ্র করে অবৈধ জুয়ার আসর বসানোর প্রতিবাদ করাই কি কাল হলো? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবার দুষ্কৃতীদের রোষের মুখে পড়তে হলো সরকারি কর্মীকে। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার রবীন্দ্রনগর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে। বাড়ির মালিকের দাবি, দুষ্কৃতীদের তাণ্ডবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, রবীন্দ্রনগর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়ব্রত রায় পেশায় ডিডব্লিউএস দফতরের কর্মী। তাঁর অভিযোগ, এলাকার সর্বজনীন কালীপুজো মণ্ডপের পিছনে তাঁর জায়গায় কয়েক দিন আগে জাণ্ডি-মুণ্ডার অবৈধ জুয়ার আসর বসানো হয়েছিল। দুই- তিন দিন আগে সেখানে জুয়ার আসর চলতে দেখে তিনি তাতে বাধা দেন। প্রকাশ্যে এ ধরনের অবৈধ জুয়ার আসর বসানো নিয়ে আপত্তি জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর তর্ক-বিতর্কও হয় বলে জানা গেছে।
অভিযোগ, ওই ঘটনার পর আপাতদৃষ্টিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও আড়ালে যে প্রতিহিংসার আগুন জ্বলছিল, তা সোমবার গভীর রাতে ভয়াবহ রূপ নেয়। রাতের নিস্তব্ধতার সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা জয়ব্রত রায়ের বাড়ির একটি ঘরে প্রবেশ করে তাণ্ডব চালায়। ঘরের বিভিন্ন সামগ্রী লুটপাট করার পাশাপাশি আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের এই তাণ্ডবে ঘরের ভিতরের সামগ্রিক পরিবেশ কার্যত লণ্ডভণ্ড হয়ে যায়।
মঙ্গলবার সকালে বাড়ির লোকজন ঘরের ভিতরে প্রবেশ করে এই দৃশ্য দেখতে পান। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন সামগ্রী, তছনছ হয়ে রয়েছে ঘরের জিনিসপত্র। রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বাড়ির মালিক জয়ব্রত রায়ের দাবি, লুটপাট ও ভাঙচুরের ফলে তাঁর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর আর দেরি না করে গোটা বিষয়টি জানিয়ে কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট নয়।
এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কালীপুজোর নাম করে যদি কোনও এলাকায় অবৈধ জুয়ার আসর বসে, তাহলে তার প্রতিবাদ করার অধিকার কি সাধারণ মানুষের নেই? আর সেই প্রতিবাদের জেরেই যদি কারও বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে, তবে তা নিঃসন্দেহে উদ্বেগজনক। যদিও জুয়ার আসরে বাধা দেওয়ার ঘটনার সঙ্গে রাতের এই তাণ্ডবের সরাসরি যোগসূত্র এখনও তদন্তসাপেক্ষ, তবুও দুই ঘটনার সময়গত নৈকট্যকে কেন্দ্র করে সন্দেহ দানা বাঁধছে। স্থানীয় মহলে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি উঠেছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করারও দাবি জানানো হয়েছে।
