শিক্ষক বদলির প্রতিবাদে সোনামুড়ায় সড়ক অবরোধ পড়ুয়াদের
বক্সনগর, ২১ জুন : বিদ্যালয়ের শিক্ষক বদলি হলে ছাত্ররা রাস্তায় নামবে, জনজীবন অচল করবে—এ কেমন শিক্ষার নমুনা? শনিবার এমনই এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী রইল সিপাহীজলা জেলার সোনামুড়া- বক্সনগর সড়ক।
সরকারি নিয়মে ইংরেজি শিক্ষক বদলি হওয়ার পর, সোনামুড়া এনসিআই হাইস্কুলের শতাধিক ছাত্র রাস্তায় নেমে অবরোধ করে বিক্ষোভ দেখায়। ছবি দেখে মনে হবে, যেন কোনো রাজনৈতিক মিছিল! হাতে প্ল্যাকার্ড না থাকলেও মুখে স্লোগান। অথচ ঘটনাটির পটভূমিতে আছে শুধু একজন শিক্ষকের বদলি। আর তাতেই ছাত্রদের এই বেপরোয়া রূপ দেখে বিস্মিত গোটা সোনামুড়া।
স্থানীয়দের প্রশ্ন—এরা কী বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে, নাকি শিখছে কেমন করে রাজনৈতিক হাতিয়ার হতে হয়। এই কোমলমতি কিশোরদের এমন আচরণে কারা উস্কানি দিচ্ছে, তা নিয়ে উঠছে তীব্র সন্দেহ। একাধিক অভিভাবক মনে করছেন, “ছাত্রদের এমন সংঘবদ্ধ রাস্তায় নামার পেছনে কোন না কোন শিক্ষক বা বাহ্যিক প্রভাব নিশ্চিতভাবে কাজ করেছে।”
বিদ্যালয়ের ভিতরে সমস্যার শেষ নেই—শিক্ষকের ঘাটতি, শ্রেণিকক্ষের অভাব, মানহীন পঠনপাঠন—এই সব প্রশ্নে কণ্ঠ রোধ করে শিক্ষক বদলির বিরুদ্ধে এই নাটকীয় ক্ষোভ সত্যিই কি খাঁটি। নাকি কোনো গোষ্ঠীস্বার্থ রক্ষার প্রচ্ছন্ন প্রচেষ্টা। এক অভিজ্ঞ শিক্ষক-নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে শিক্ষক নিজের বদলির পর ছাত্রদের দিয়ে রাস্তায় আন্দোলন করিয়ে নিতে পারেন, তিনি শিক্ষক নন, প্ররোচক। এদের মত শিক্ষকের বদলি হওয়াই উচিৎ ছিল”।
প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে শেষমেশ অবরোধ তুলে নেওয়া হলেও, এই ঘটনায় একটি গভীর সামাজিক বার্তা রয়ে গেল—শিক্ষা যদি আন্দোলনের অজুহাতে রাস্তায় নেমে আসে, তবে সেই শিক্ষা প্রতিষ্ঠান অচিরেই শিক্ষার মূল উদ্দেশ্য হারাবে।
