রাস্তার বেহাল অবস্থা, হেলদোল নেই কতৃপক্ষের, ক্ষুব্ধ জনতার অবরোধ
বিশালগড়, ২ জুলাই : কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা দেব সরকারের বিরুদ্ধে এলাকার জনগণ ক্ষুব্দ হয়ে উত্তম ভক্ত চৌমুহনী থেকে ফুলতলি যাওয়ার মূল সড়কের পান্ডবপুর ইট ভাট্টা চৌমুহনী এলাকায় অবরোধ করেন।
এলাকার জনগণ অভিযোগ করে বলেন, বিধায়িকা অন্তরা দেব সরকারকে ভোট দেওয়ার পর এলাকায় আর দেখা যায়নি। তিনি যদিও আসেন মোটা চাকার গাড়ি ব্যবহার করে। সেই ভাঙ্গা রাস্তার উপর দিয়ে চলে যান। এইভাবে উক্তি করে পাণ্ডবপুর ইট ভাট্টা চৌমুহনী এলাকায় রাস্তার দুই পাশে বাঁশের ব্যারিকেট দিয়ে আন্দোলনে নামে জনগণ। তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কার করা না হবে রাস্তা অবরোধ তোলা হবে না। যার পরিপ্রেক্ষিতে দুই পাশে রাস্তায় অনেক গাড়ি আটকে যায়।
জানা গিয়েছে, দীর্ঘদিন যাবত উত্তম ভক্ত চৌমুহনী থেকে ফুলতলি বাজার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটু পর্যন্ত জল জমে যায়। বুধবার ওই এলাকার এক যুবক বাইক নিয়ে যাওয়ার সময় সেই রাস্তার মধ্যে পান্ডবপুর ইট ভাট্টা এলাকায় উল্টে পড়ে গুরুতর আহত হয়। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
দুর্ঘটনার পরপরই এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন। দুই পাশে বাঁশ দিয়ে রাস্তা আটকে দেয়। জনগণের অভিযোগ বারবার স্থানীয় পঞ্চায়েত এমনকি এলাকার বিধায়িকাকে জানানোর পরেও রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই।
চার কিলোমিটার রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়ে আছে।এলাকার জনগণ বিধায়িকার প্রতি ক্ষুব্ধ হয়ে এই আন্দোলনে নামে। তাদের বক্তব্য কোন উন্নয়নমূলক কাজে বিধায়িকাকে এগিয়ে আসতে দেখা যায়নি।
