পুরাতন আগরতলায় বাইপাস সড়কে ট্রাক থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার করল আসাম রাইফেলস
আগরতলা, ১৬ জুলাই : বহিঃরাজ্য থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার ডিআরআই এবং আসাম রাইফেলস যৌথভাবে পুরাতন আগরতলার বাইপাস সড়ক এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালায়।
এই তল্লাশি অভিযানে সিমেন্ট বোঝাই ট্রাক থেকে ৩০ প্যাকেট নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। তল্লাশি অভিযানের আঁচ পেয়ে ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক কালোবাজারি মূল্য এক কোটি টাকার বেশি হবে বলে জানিয়েছেন তদন্তের সঙ্গে যুক্ত এক আধিকারিক।
ধারণা করা হচ্ছে গাড়িটি আগরতলা আমতলি বাইপাস রোড ধরে শহরের বাইরে কোথাও চলে যেত এবং সেখানে নিরাপদে নেশা সামগ্রী নামিয়ে দিত। কিন্তু নিরাপত্তাকর্মীদের তৎপরতায় পাচারকারীরা সফল হতে পারেনি। উদ্ধার করা নেশা সামগ্রী নারকোটিক্স ডিপার্টমেন্ট বাজেয়াপ্ত করে নিয়ে যায়।
