ইট বোঝাই ক্যান্টার ট্রাক দূর্ঘটনায় নিহত চালক, গুরুতর আহত তিন শ্রমিক
বিলোনিয়া, ২৯ আগস্ট : ইট বোঝাই ক্যান্টার ট্রাক দূর্ঘটনায় নিহত গাড়ির চালক। গুরুতর আহত তিন শ্রমিক। নিহত চালকের নাম নারায়ণ মজুমদার। বাড়ি রাজাপুর স্কুল সংলগ্ন এলাকায়। দূর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার সংলগ্ন এলাকায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। এরপর উল্টে থাকা ক্যান্টার ট্রাকটি বুলডোজার দিয়ে তুলে উদ্ধার করা হয় চালককে। তড়িঘড়ি দমকল কর্মীরা বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
জানা গিয়েছে, চিত্তামারার ‘বসুন্ধরা’ ইট ভাট্টা থেকে ইট বোঝাই করে পাইখোলার দিকে যাওয়ার সময় চিত্তামারা পুরান বাজার সংলগ্ন এলাকায় ট্রাকটি উল্টে যায়। গাড়িতে চালক ও তিনজন শ্রমিক ছিলেন। শ্রমিকরা প্রাণে বেঁচে গেলেও চালক আর বাঁচতে পারেননি।গুরুতর আহত তিন শ্রমিক বর্তমানে পাইখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের মতে ইট বোঝাই ক্যান্টার ট্রাকটি প্রচন্ড গতিবেগে ছিল। সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই সময় গাড়ির পাশ দিয়ে টমটম যাচ্ছিল। ইট ছিটকে পড়ে টমটম যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি অল্পবিস্তর আহত টযটম চালকও। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় অতিরিক্ত মহকুমা শাসক পরিতোষ বিশ্বাস, ডিসিএম সঞ্জয় লীলা। পুলিশ দুর্ঘটনার একটি মামলা রুজু করেছে।
