দৃশ্য দূষণ রুখতে আগরতলায় অবৈধ ব্যানার–ফ্লেক্সের বিরুদ্ধে পুর নিগমের অভিযান
আগরতলা, ৩১ জানুয়ারি : শহরকে দৃশ্য দূষণমুক্ত ও সুশৃঙ্খল রাখতে রাজধানী আগরতলায় অবৈধ ব্যানার ও ফ্লেক্সের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আগরতলা পুর নিগম। শনিবার আগরতলার কের চৌমুহনী এলাকায় পৌর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে এক বিশেষ অভিযান চালিয়ে একাধিক অনুমোদনহীন ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার খুলে নেওয়া হয়।
বর্তমানে ফ্লেক্স, হোর্ডিং ও ব্যানারে ছয়লাপ হয়ে উঠেছে স্মার্ট সিটি আগরতলা। শহরের যত্রতত্র অনুমতি ছাড়াই এই ধরনের বিজ্ঞাপন লাগানোর ফলে তা একপ্রকার দৃশ্য দূষণের পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতির মোকাবিলায় আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
শনিবারের অভিযানে রাস্তার ধারে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো অবৈধ ফ্লেক্স ও ব্যানার অপসারণ করা হয়। অভিযান প্রসঙ্গে পুর নিগমের সেন্ট্রাল জোনের এক আধিকারিক জানান, শহরে লাগানো বহু হোর্ডিং ও ব্যানারের জন্য পুর নিগমের অনুমতি নেওয়া হয়নি। এমনকি যেসব সংস্থা বা ব্যক্তি অনুমতি নিয়ে বিজ্ঞাপন লাগিয়েছেন, সেখানেও অতিরিক্ত ও অনুমোদনহীন ফ্লেক্স-ফেস্টুন লাগানো হয়েছে।
তিনি আরও জানান, আগরতলায় বিজ্ঞাপনের ব্যানার বা হোর্ডিং লাগাতে হলে আগরতলা পুর নিগমের নির্দিষ্ট অনুমতি ও নির্ধারিত ফি প্রদান করা বাধ্যতামূলক। তবে অনেক ক্ষেত্রেই ২০২৫-২৬ অর্থবর্ষের নির্ধারিত অর্থ এখনও জমা পড়েনি। এ বিষয়ে আগেই নোটিশ ইস্যু করা হলেও সংশ্লিষ্ট পক্ষগুলি তাতে কর্ণপাত করেনি। বাধ্য হয়েই এই অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।
পুর নিগম সূত্রে খবর, কেবল কের চৌমুহনী নয়, আগামীদিনে রাজধানীর অন্যান্য এলাকাতেও এই ধরনের অভিযান চালানো হবে। শহরকে পরিষ্কার ও পরিকল্পিত রাখতে পুর নিগমের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
