কৈলাসহরে তিন বাংলাদেশি নাগরিকসহ পাঁচজন গ্রেফতার
কৈলাসহর, ১ ফেব্রুয়ারি : গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঊনকোটি জেলার কৈলাসহর থানার পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক এবং বাকি দু’জন ভারতীয় সহযোগী বলে জানা গেছে।
কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, পাইতুরবাজার নতুন মোটর স্ট্যান্ড এলাকায় সাদা পোশাকে নজরদারির সময় পুলিশ একটি মারুতি ভ্যানের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগরের দিকে রওনা দেওয়া ওই গাড়িটি আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন উত্তর পাওয়ায় পুলিশ গাড়ি ও যাত্রীদের তল্লাশি চালায়।
তদন্তে জানা যায়, আটক তিন বাংলাদেশি নাগরিক কুমিল্লা জেলার বাসিন্দা। তাদের নাম আরমান হোসেন, ইমরান হোসেন ও মনির হোসেন। জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করে।
এছাড়াও, ওই তিন বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশ করানো ও চেন্নাই পাঠানোর অভিযোগে রাঙ্গাউটি এলাকার বাসিন্দা ফারুক মিয়া ও আব্দুল কায়ুমকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
