iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মিজোরাম পুলিশের হানা চুড়াইবাড়িতে, উদ্ধার চুরি যাওয়া নগদ টাকা ও এটিএম কার্ড

চুড়াইবাড়ি, ৩ ফেব্রুয়ারি : পড়শি রাজ্য মিজোরামের একটি চুরির মামলার তদন্তে মঙ্গলবার সকালে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানা এলাকায় অভিযান চালাল মিজোরাম পুলিশ। অভিযানে চুরি যাওয়া নগদ টাকা ও এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে মিজোরামের কানমুন থানার পুলিশের একটি বিশেষ দল চুড়াইবাড়ি থানার সহযোগিতায় শনিছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের শিমূলটিলা এলাকায় পৌঁছে। ওই এলাকার বাসিন্দা হোসেন আহমেদ (২৭)-এর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের কাছে গোপন খবর ছিল অসমের শ্রীভূমি জেলার আসিমগঞ্জের বাসিন্দা জসিম উদ্দিন ওরফে হোসেন আহমেদ বিয়ের সূত্রে ওই বাড়িতে বসবাস করছিল।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত যুবক কিছুদিন আগে মিজোরামের কানমুন থানা এলাকার জৈনেক ব্যক্তির বাড়ি থেকে নগদ টাকা ও পাসওয়ার্ডসহ একটি এটিএম কার্ড চুরি করে নিয়ে আসে। পরে ওই এটিএম কার্ড ব্যবহার করে একাধিকবার টাকা তোলা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কানমুন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জসিম উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বাড়িতে উপস্থিত তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালিয়ে পুলিশ নগদ ১ লক্ষ ৯১ হাজার টাকা, একটি এটিএম কার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রী চুড়াইবাড়ি থানায় নিয়ে এসে দুই রাজ্যের পুলিশি প্রক্রিয়া সম্পন্ন করার পর মিজোরাম পুলিশ সেগুলি সিজ করে নিয়ে যায়।

এদিনের অভিযানে মিজোরাম পুলিশের এএসআই বানলাল রোলা, হেড কনস্টেবল আর লালহামুওয়ালা সহ অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে চুড়াইবাড়ি থানার পুলিশ।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শিমূলটিলা এলাকার জঙ্গলবহুল অঞ্চল দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কার্যকলাপের আঁতুড়ঘর হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দা জমির উদ্দিনের মেয়েকে বিয়ে করে ওই এলাকায় যাতায়াত করত অভিযুক্ত যুবক। অভিযোগ রয়েছে, তার সঙ্গে যুক্ত অন্যান্য চোর ও ডাকাতরাও মাঝেমধ্যে ওই বাড়িতে আশ্রয় নিয়ে এলাকায় চুরি-ডাকাতির পর গা ঢাকা দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *