শিল্প উৎপাদন সূচক নিয়ে আগরতলায় জাতীয় স্তরের কর্মশালা
আগরতলা, ৫ ফেব্রুয়ারি : আগরতলার প্রজ্ঞা ভবনে শিল্প উৎপাদন সূচক বিষয়ক একটি জাতীয় স্তরের কর্মশালা শুরু হয়েছে। শিল্প উৎপাদন সূচক সঠিকভাবে নির্ণয় ও পরিসংখ্যান ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন রাজ্য সরকারের পরিসংখ্যান ও পরিকল্পনা দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, শিল্প উৎপাদন সূচক নির্ভুলভাবে গণনা করা দেশের আর্থিক পরিকল্পনা ও উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মশালা শুধুমাত্র আলোচনার মঞ্চ নয়, বরং অংশগ্রহণকারী বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের অভিজ্ঞতা ও মতামত বিশ্লেষণের মাধ্যমে পরিসংখ্যান ব্যবস্থাকে আরও সুদৃঢ় করাই এর মূল লক্ষ্য।
মন্ত্রী আরও উল্লেখ করেন, পরিসংখ্যান একটি কারিগরি বিষয় হলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে একে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তোলা জরুরি। সেই লক্ষ্যেই এই জাতীয় স্তরের কর্মশালা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই কর্মশালায় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের পাশাপাশি জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, ছত্তিশগড় এবং দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত প্রতিনিধিরা শিল্প উৎপাদন সূচক ও সামগ্রিক পরিসংখ্যান উন্নয়ন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
কর্মশালার মাধ্যমে ভবিষ্যতে রাজ্য ও কেন্দ্রের মধ্যে পরিসংখ্যান সংক্রান্ত সমন্বয় আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
