ঐতিহ্য ও আধ্যাত্মিকতার বিকাশে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করছে : মুখ্যমন্ত্রী
বিশালগড়, ১৭ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ উন্নয়ন ও ঐতিহ্য রক্ষার পথে এগিয়ে চলেছে এবং রাজ্য সরকারও সমাজের অন্তিম ব্যক্তির আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বুধবার সিপাহীজলা জেলার বিশালগড় বাজার সংলগ্ন এলাকায় নবনির্মিত শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীমন্দিরের উদ্বোধন এবং বিশালগড় বাইপাস ট্রাইজংশনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মর্মর মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তির আবরণ উন্মোচন করেন। পরে নবনির্মিত দক্ষিণেশ্বরী কালীমন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন প্রখ্যাত লেখক, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁর চিন্তাধারা ও আদর্শ আজও যুবসমাজকে অনুপ্রাণিত করে।
মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণেশ্বরী কালীমন্দির শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি বিশালগড়বাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ। এই মন্দির আগামী দিনে এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। পাশাপাশি এই মন্দিরকে ঘিরে পর্যটনের বিকাশ ঘটানোর লক্ষ্যে রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি জানান।
দেশের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে উন্নয়ন, জনকল্যাণ এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের ক্ষেত্রে একাধিক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিকতাকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।
এসময় তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রকল্পের উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে বারাণসীতে বিশ্বের অন্যতম বৃহৎ জ্ঞানকেন্দ্র গড়ে তোলা, কোয়াম্বাটুরে আদি যোগী শিব মূর্তি ও মন্দির, কাশী বিশ্বনাথ ধাম করিডোর, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের উন্নয়ন, অযোধ্যার রামমন্দির নির্মাণ, উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরের পুনর্গঠন এবং আদি শংকরাচার্যের সমাধি ও মূর্তি স্থাপন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় উদয়পুরের মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরের সৌন্দর্যায়নের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব জানান, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল, বিশালগড়বাসীর সহযোগিতা এবং রাজ্য সরকারের আর্থিক সহায়তায় দক্ষিণেশ্বরী কালীমন্দির নির্মাণ সম্ভব হয়েছে। তিনি মন্দির নির্মাণে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, টিআইডিসি-র চেয়ারম্যান নবাদল বণিক, বিশালগড় পুরপরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস, সিপাহীজলা জেলার জেলাশাসক ডাঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল, বিশালগড় মহকুমা শাসক বিংকি সাহা, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকে সিন্থেয়া-সহ প্রশাসনের বিভিন্ন পদস্থ আধিকারিক এবং বিশিষ্ট নাগরিকরা।
মন্দির উদ্বোধন ও মূর্তি উন্মোচন উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক জনসমাগমপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আয়োজনে পরিণত হয়। আয়োজকদের আশা, দক্ষিণেশ্বরী কালীমন্দির ভবিষ্যতে ধর্মীয় চর্চার পাশাপাশি বিশালগড়ের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবেও আত্মপ্রকাশ করবে।
