iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত বৃদ্ধা, পাশে দাঁড়ালেন বিজেপি নেতৃত্ব ও জেলা পরিষদের সদস্য

মালদা, ১০ নভেম্বর : দীপাবলির আনন্দের রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন এক অসহায় বৃদ্ধা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল টিন ও চাটাই দিয়ে তৈরি তাঁর ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, প্রায় ১০ হাজার টাকা নগদ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ হবিবপুর থানার বুলবুলচণ্ডীর মধ্যমকেন্দুয়া এলাকায়। ক্ষতিগ্রস্ত বৃদ্ধার নাম গীতা স্বর্ণকার। তিনি বাড়িতে একাই থাকেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গীতা স্বর্ণকারের টিনের ঘরের ছাদে বর্ষার জল আটকাতে প্লাস্টিকের আবরণ দেওয়া ছিল। রবিবার রাতে তিনি বাড়ির বাইরে বসেছিলেন। সেই সময় আচমকাই ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।

বৃদ্ধা জানিয়েছেন, বিধবা ভাতার টাকাতেই কোনওরকমে তাঁর সংসার চলে। তাঁর ছেলে থাকলেও তিনি বাইরে থাকেন।

সোমবার সকালে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার বাড়িতে যান মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় এবং হবিবপুর বিজেপির ৫ নম্বর মণ্ডলের সভাপতি রামেশ্বর মাহাতো-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁরা বৃদ্ধার হাতে চাল, ডাল, ত্রিপল, কম্বল ও বাসনপত্র তুলে দেন। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার আশ্বাসও দেন। বিপদের দিনে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন অসহায় বৃদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *